সিঁড়ি
আমরা সিঁড়ি,
তোমরা আমাদের মাড়িয়ে
প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও,
তারপরে ফিরেও তাকাও না পিছনের দিকে;
তোমাদের পদধূলিধন্য আমাদের বুক
পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন ।
তোমরাও তা জানো,
তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত
ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে
আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে
তোমাদের গর্বোদ্ধত, অত্যাচারী পদধ্বনি।
তবু আমরা জানি,
চিরকাল আর পৃথিবীর কাছে
চাপা থাকবে না
আমাদের দেহে তোমাদের এই পদাঘাত।
আর সম্রাট হুমায়ুনের মতো
একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন ।
ভাবার্থঃ যাদের পদদলিত, নির্যাতিত ও শোষণ করে ধনিক-বণিকের দল শ্রেণিবিভক্ত সমাজে ক্ষমতা ও সম্পদের মিনার-চূড়ায় আরোহণ করেছে একদিন তাদের পতন অমোঘ ও সুনিশ্চিত। ক্ষমতার মদমত্ততা,ধনের অহংকার চিরন্তন হতে পারেনা।শাসক-শোষকের দম্ভ ও ঔদ্ধত্য একদিন বিপ্লবের অভিঘাতে চূর্ণবিচূর্ণ হবে।
.jpg)